باب وَقْتِ الْعِشَاءِ إِذَا اجْتَمَعَ النَّاسُ أَوْ تَأَخَّرُوا
পরিচ্ছেদ: ইশার নামাজের ওয়াক্তের বর্ণনা, যখন লোকেরা (দ্রুত) জমা হয়ে যায় অথবা বিলম্ব করে।
حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ سَعْدِ بْنِ إِبْرَاهِيمَ، عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرٍو ـ هُوَ ابْنُ الْحَسَنِ بْنِ عَلِيٍّ ـ قَالَ سَأَلْنَا جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ عَنْ صَلاَةِ النَّبِيِّ، صلى الله عليه وسلم فَقَالَ كَانَ يُصَلِّي الظُّهْرَ بِالْهَاجِرَةِ، وَالْعَصْرَ وَالشَّمْسُ حَيَّةٌ، وَالْمَغْرِبَ إِذَا وَجَبَتْ، وَالْعِشَاءَ إِذَا كَثُرَ النَّاسُ عَجَّلَ، وَإِذَا قَلُّوا أَخَّرَ، وَالصُّبْحَ بِغَلَسٍ.
অনুবাদ: হযরত মুহাম্মাদ ইবনে আমর ইবনে হাসান আলী ইবনে আবু তালেব (রা.) বলেন, আমরা জাবির ইবনে আব্দুল্লাহকে আল্লাহর নবী (সা.)-এর নামাজ সম্পর্কে প্রশ্ন করলাম। তিনি বললেন, আল্লাহর নবী (সা.) যুহরের নামাজ দুপুরে সূর্যের তেজ অপরিবর্তিত থাকতেই আসরের নামাজ এবং সূর্য অস্তমিত হলে মাগরিবের নামাজ আদায় করতেন। আর বেশী লোক উপস্থিত হলে দ্রুত এবং কম লোক উপস্থিত হলে দেরী করতেন এবং অন্ধকার থাকতে থাকতে ফজরের নামাজ আদায় করতেন।
প্রাসঙ্গিক আলোচনা
হাদীসের সামঞ্জস্য: শিরোনামের সাথে হাদীসের সামঞ্জস্য হবে وَالْعِشَاءَ إِذَا كَثُرَ النَّاسُ عَجَّلَ، وَإِذَا قَلُّوا أَخَّرَ -এর সাথে।
হাদীসের পুনরাবৃত্তি: হাদীসটি বুখারী শরীফে ৭৯, ৮০ পৃষ্ঠায় বর্ণিত হয়েছে।
শিরোনামের উদ্দেশ্য: হাফিজ ইবনে হাজার (র.) বলেন, ইমাম বুখারীর উদ্দেশ্য হলো ঐ সমস্ত লোকদের মত খণ্ডন করা, যারা ইশা ও আতামার মাঝে এমনভাবে পার্থক্য করেন যে, যদি ইশার নামাজ দ্রুত পড়া হয় তখন তার নাম হবে ইশা, আর যদি বিলম্বে পড়া হয় তখন তাকে বলা হয় আতামাহ।
হাফিজ আসকালানী লিখেছেন ইমাম বুখারী তাদের মত খণ্ডন করে বলেন যে, তাড়াতাড়ি পড়া হোক বা বিলম্বে পড়া হোক সকলের উপরই ইশা প্রযোজ্য হবে।
আল্লামা আইনী বলেন- هذا كلام واهٍ এটি একটি অনর্থক কথা। অর্থাৎ আল্লামা আইনী ইবনে হাজার (র.)-এর সমালোচনা করে বলেছেন যে, শিরোনামের মধ্যে ঐরকম কিছুর ইঙ্গিতও নেই; বরং ইমাম বুখারীর উদ্দেশ্য হলো ইশার নামাজের মুস্তাহাব ওয়াক্ত বর্ণনা করা। আর তা নামাজীদের সমবেত হওয়া ও আধিক্যের উপর নির্ভরশীল। অর্থাৎ যদি নামাজীরা তাড়াতাড়ি জমা হয়ে যায় তখন শুরু ওয়াক্তে পড়া মুস্তাহাব, আর যদি বিলম্বে জমা হয় তাহলে বিলম্বে পড়া মুস্তাহাব ও উত্তম।
কোন মন্তব্য নেই