Header Ads

সহীহ বুখারীঃ কিতাবুল আজানঃ যে ব্যক্তি ঘরের কাজ-কামে ব্যস্ত থাকে

باب مَنْ كَانَ فِي حَاجَةِ أَهْلِهِ فَأُقِيمَتِ الصَّلاَةُ فَخَرَجَ

حَدَّثَنَا آدَمُ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ حَدَّثَنَا الْحَكَمُ، عَنْ إِبْرَاهِيمَ، عَنِ الأَسْوَدِ، قَالَ سَأَلْتُ عَائِشَةَ مَا كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَصْنَعُ فِي بَيْتِهِ قَالَتْ كَانَ يَكُونُ فِي مِهْنَةِ أَهْلِهِ ـ تَعْنِي خِدْمَةَ أَهْلِهِ ـ فَإِذَا حَضَرَتِ الصَّلاَةُ خَرَجَ إِلَى الصَّلاَةِ‏.‏


পরিচ্ছেদ: যে ব্যক্তি ঘরের কাজ-কামে ব্যস্ত থাকে, এদিকে নামাজের ইকামত বলা হয় তাহলে নামাজের জন্য বেরিয়ে যাবে।

অনুবাদ: আসওয়াদ (রা.) বলেন, আমি আয়িশাকে জিজ্ঞেস করলাম, নবী (সা.) ঘরে কি কাজ করতেন? উত্তরে তিনি বললেন, তিনি সংসারের কাজ করতে থাকতেন এবং যখন নামাজের সময় হত নামাজে চলে যেতেন।

প্রাসঙ্গিক আলোচনা

হাদীসের সামঞ্জস্য: শিরোনামের সাথে হাদীসের সামঞ্জস্য فِي مِهْنَةِ أَهْلِهِ تَعْنِي خِدْمَةَ أَهْلِهِ ـ فَإِذَا حَضَرَتِ الصَّلاَةُ خَرَجَ إِلَى الصَّلاَةِ -এর সাথে।

হাদীসের পুনরাবৃত্তি: হাদীসটি বুখারী শরীফে ৯৩, ৮০৮, ৮৯২ পৃষ্ঠায় বর্ণিত হয়েছে।

শিরোনামের উদ্দেশ্য: আল্লামা আইনী ও হাফিজ ইবনে হাজার (র.) বলেন, এ বাব দ্বারা ইমাম বুখারীর উদ্দেশ্য হলো এটা বর্ণনা করা যে, খাবারের ন্যায় দুনিয়ার সকল কাজ-কাম একরকম নয়। যদি দুনিয়ার সকল কাজ-কামকে খাবারের হুকুমে করে দেওয়া হয়, তাহলে যেহেতু দুনিয়ার অন্যান্য কাজ-কামের ধান্ধা দিনরাত চলতেই থাকে, তাহলে নামাজের জন্য কোনো সময় বাকি থাকবে না। শরিয়তে প্রয়োজনের প্রতি অবশ্যই লক্ষ্য রাখা হয়েছে। কিন্তু কিছু প্রয়োজন এমন আছে যার দ্বারা নামাজের খুশু’ নষ্ট হয়ে যায়, যেমন তীব্র ক্ষুধা। সুতরাং খাবার সামনে থাকলে আগে খাবার খাওয়ার অনুমতি রয়েছে।

আবার কিছু প্রয়োজন এমন আছে যার দ্বারা মুল নামাজই নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। যেমন প্রস্রাব-পায়খানার প্রচণ্ড বেগ। সুতরাং এমতাবস্থায়ও নামাজ বিলম্ব করার অবকাশ রয়েছে। কিন্তু অন্যান্য কাজ-কাম ছেড়ে নামাজে যাওয়া জরুরী। স্বয়ং নবী করীম (সা.) হতে বর্ণিত আছে যে, তিনি নিজেই নিজের কাপড় সেলাই করে নিতেন, জুতা ঠিক করে নিতেন, তাছাড়া ঘরোয়া কাজ-কামে পরিবারের সহযোগিতা করতেন। কিন্তু জামাতের সময় সকল কাজ ছেড়ে মসজিদে চলে যেতেন।


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.