অনুবাদ: উম্মুল মুমিনীন আয়িশা ও আব্দুল্লাহ ইবনে আব্বাস (রা.) বলেন, আল্লাহর রাসূল (সা.)-এর মৃত্যু পীড়া শুরু হলে তিনি বারবার নিজের একটি চাদর তাঁর মুখমন্ডলে টেনে নিতেন। যখন খুব অধিক গরম অনুভব করতেন, তখন সেটি মুখ থেকে সরিয়ে দিতেন। এই অবস্থায় তিনি বললেন, ইহুদি ও খ্রিস্টানদের ওপর আল্লাহর লা'নত। কারণ তারা তাদের নবীদের কবরকে মসজিদে পরিণত করেছে। এ বলে তিনি (তার উম্মতকে) তাদের কর্ম সম্পর্কে সতর্ক করেছিলেন।
হাদীসের সামঞ্জস্য: শিরোনামের সাথে হাদীসের সামঞ্জস্য اتَّخَذُوا قُبُورَ أَنْبِيَائِهِمْ مَسَاجِدَ -এর সাথে। কারণ, যখন তারা তাকে মসজিদে পরিণত করবে তখন তার মধ্যে নামাযও পড়বে, এবং তারা গির্জাকেও মসজিদ বলে অভিহিত করবে। আর বাব হলো গির্যায় নামায আদায় করা সম্পর্কিত। এভাবে শিরোনাম প্রমাণিত হলো।
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " قَاتَلَ اللَّهُ الْيَهُودَ اتَّخَذُوا قُبُورَ أَنْبِيَائِهِمْ مَسَاجِدَ "
অনুবাদ: হযরত আবু হুরাইরা (রা.) বলেন, আল্লাহর রাসূল (সা.) বলেছেন, আল্লাহ ইহুদি সম্প্রদায়কে ধ্বংস করুন। কারণ তারা নিজেদের নবীদের কবরকে মসজিদে পরিণত করেছে।
হাদীসের সামঞ্জস্য: আল্লামা আইনী বলেন এ শিরোনামহীন বাবটি হলো اي كالفصل من الباب السابق অর্থাৎ এটি পূর্বের বাবের فصل বা অনুচ্ছেদের ন্যায়।
অর্থাৎ উভয় বাবে কবরকে সিজদার স্থান [মসজিদ] বানানোর ব্যাপারে ভর্ৎসনা করা হয়েছে। এমনকি নবী করীম (সা.) মৃত্যু-রোগে আক্রান্ত অবস্থায়ও বিশেষভাবে ইহুদি -খ্রিস্টানদের এ বিদআত ও মুশরিকসূলভ আচরণ সম্পর্কে এ উম্মতকে ভীতিপ্রদর্শন করেছেন যেন তারা ইবাদত-বন্দেগীর ক্ষেত্রে বাড়াবাড়ি করে নবীকে আল্লাহর আসনে স্থান না দেয়। যেমনটি বাবের প্রথম হাদীসে স্পষ্ট রয়েছে- يُحَذِّرُ مَا صَنَعُوا
নবী করীম (সা.) ইহুদি-খ্রিস্টানদের এ মন্দকর্ম তথা কবরকে মসজিদে পরিণত করা সম্পর্কে ভীতি প্রদর্শন করছেন। সুতরাং যেখানে পয়গাম্বরদের কবরকে মসজিদে পরিণত করা হারাম ও অভিশপ্ততার কারণ, তাহলে পয়গাম্বরগণ ব্যতীত অন্যরা যদিও তারা কুতুব-আব্দাল-ই হোকনা কেন, কারো কবরে সিজদা করা আরো উত্তমভাবেই হারাম ও অভিসাপের কারণ হবে।
প্রশ্ন: খ্রিস্টানদের নবী মাত্র একজন- হযরত ঈসা (আ.); যাকে আকাশে উঠিয়ে নেওয়া হয়েছে। আর হাদীসে স্পষ্ট রয়েছে- بيني وبين عيسي ليس نبي او كما قال عليه الصلاة والسلام সুতরাং বাবের প্রথম হাদীসের উপর প্রশ্ন হলো খ্রিস্টানরা তাদের নবীদের কবরসমূহকে মসজিদ বানানোর অর্থ কি?
উত্তর: এর কয়েকটি জবাব নিম্নরূপ-
১. ইহুদিদের অনেক নবী অতিবাহিত হয়েছে। এবং ঐ সমস্ত নবীগণকে খ্রিস্টানরাও নবী বলে মানত। সেই হিসেবে তারা খ্রিস্টানদেরও নবী হবেন।
২. قبور انبيائهم এটি সমষ্টিগতভাবে বলা হয়েছে। নতুবা বস্তুত উদ্দেশ্য হলো ইহুদিরা। যেমনটি বাবের দ্বিতীয় হাদীসে তেমনিভাবে কিতাবুল মাগাযীর হাদীসেও শুধুমাত্র ইহুদি শব্দ রয়েছে।
কোন মন্তব্য নেই